
অন্ধ্র প্রদেশের কুর্নুল বাস দুর্ঘটনায় মারা গিয়েছেন অন্তত ১৯ যাত্রী। কীভাবে এত ভয়ঙ্কর আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
বাসে ছিল ২৩৪ টি স্মার্টফোন। তাতেই বিস্ফোরণের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। অগ্নিদগ্ধ ওই বাসের ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে। জানা গিয়েছে, ২৩৪ টি রিয়েলমির স্মার্টফোনের বাক্স ছিল। ৪৬ লক্ষ টাকার ওই ফোন পার্সেল করে হায়দরাবাদের এক ব্যবসায়ীর পাঠিয়েছিলেন। বেঙ্গালুরুতে ফ্লিপকার্টের অফিসে সেই ফোন পাঠানো হচ্ছিল, যা পরে গ্রাহকদের কাছে বিক্রি করা হত।
দুর্ঘটনার পর ওই সমস্ত ফোনে বিস্ফোরণ হয়। ফরেন্সিক এক্সপার্টরা জানিয়েছেন, ফোনের ব্যাটারির বিস্ফোরণের জেরে আগুন আরও বেড়ে যায়। এসি ভলভো বাস থাকায় জানালা-দরজাও খোলেনি। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, বাসে আগুন লাগার পরই ভিতর থেকে ব্যাটারির বিস্ফোরণের শব্দ পেয়েছেন।






