পাকিস্তান রেলস্টেশনে বিস্ফোরণ, মৃত্যু বাড়ছে

0
199
পাকিস্তানের রেলস্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ১৪ সেনা-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। শনিবার বালুচিস্তান প্রদেশের কোয়েটা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আচমকাই কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। 
স্থানীয় সময় সকাল পৌনে ৯টা নাগাদ পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। প্ল্যাটফর্মে তাই ভিড়ও ছিল যথেষ্ট। প্ল্যাটফর্মে ছিল সেনার একটি দল। ট্রেনে ওঠার জন্য যাত্রীরা যখন প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময়েই জোরালো বিস্ফোরণ হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী বিস্ফোরণ। কোয়েটার এসএসপি মহম্মদ বালোচ জানিয়েছেন, ঘটনার সময় স্টেশনে কমপক্ষে ১০০ জন উপস্থিত ছিলেন। যাত্রীদের ভিড়েই লুকিয়েছিল হামলাকারী। নিশানায় ছিল পাক সেনার দলটি।  প্রাথমিক তদন্তের পর পুলিশ এবং বম্ব স্কোয়াড মনে করছে, বিস্ফোরণের ঘটনাতে ৬-৮ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। তবে আত্মঘাতী হামলার বিষয়টিকেও উড়িয়ে দিচ্ছে না তারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের সদস্যেরা। রয়েছে পুলিশ এবং অন্য বাহিনীও। বালোচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছেন বন্ব স্কোয়াডের সদস্যেরা। উল্লেখ্য, পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে বালোচরা।
বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান।

ছবি  সৌজন্যে :  এক্স