
শ্রীলংকার একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে সাজাপ্রাপ্ত ও আটক বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, কারাগারের বিভিন্ন অংশ এখনো তল্লাশি ও পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুই পুলিশ কর্মকর্তা এবং একটি হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার বন্দিদের দুই দলের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
স্থানীয় ভিডিওতে দেখা গিয়েছে, আহত বন্দিদের নিয়ে একটি পুলিশ বাস কারাগার ত্যাগ করছে। এ সময় কারাগারের প্রধান ফটকের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আহতদের কয়েকজনকে বাসের মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়।
