ঝাড়খণ্ডে আত্মসমর্পণ ২৫ মাও নেতার

0
25
ছবি সৌজন্যে : এক্স

মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে যৌথবাহিনীর অপারেশন, অন্যদিকে সরকারের পুনর্বাসন প্যাকেজের ডাকে সাড়া দিয়ে একের পর এক মাওবাদী নেতানেত্রীর আত্মসমর্পণ জারি রয়েছে। এবার ঝাড়খণ্ড সরকারের নিজস্ব পুনর্বাসন প্যাকেজ অপারেশন নবজীবন- এর ডাকে সাড়া দিয়ে ২৫ জন মাওবাদী নেতানেত্রী আত্মসমর্পণ করেছেন।

এরা সকলে সারান্ডার জঙ্গলে নিজেদের কার্যকলাপ চালাতেন। এছাড়া ঝাড়খণ্ডের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের ২ জন আত্মসমর্পণ করেছেন। এদের সকলের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। সূত্রের খবর, আত্মসমর্পণকারী ২৫ মাওবাদী নেতানেত্রীর মধ্যে অন্তত ৫ জনের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাঁচির বাসিন্দা, মাওবাদী নেত্রী রেখা মুণ্ডা ওরফে জয়ন্তী। সারান্ডার জঙ্গলে একসময়ে দুর্ধর্ষ অপারেশন চালিয়েছে।

বাকি চারজনের নাম, গাদী মুণ্ডা ওরফে গুলশন, নগেন্দ্র মুণ্ডা ওরফে প্রভাত, সাগেন আঙারিয়া, সুলেমান হাঁসদা ওরফে সুনি। ২৫ জনের মধ্যে মোট ১৩ জন সিপিআই মাওবাদী সংগঠনের সাধারণ ক্যাডার। বাকিদের মধ্যে ৬ জন সাবজোনাল কমিটি এবং ৬ জন এরিয়া কমিটির সদস্য বলে জানা গিয়েছে। সকলেই পশ্চিম সিংভূমের চাইবাসা ও গিরিডির বাসিন্দা। এদের কাছ থেকে মোট ১৬টি অস্ত্র উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে ইনসাস, রাইফেল, দেশি পিস্তল ও প্রায় ২৮০০ রাউন্ড কার্তুজ। এছাড়া পাওয়া গিয়েছে ওয়াকিটকিও।