
মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার এনআইএ হেফাজতের মেয়াদ আরও বাড়িয়েছে দিল্লির আদালত। সোমবারই রানার এনআইএ হেফাজতের মেয়াদ শেষ হয়। তাকে পেশ করা হয় দিল্লির এনআইএ আদালতের বিচারক চন্দর জিৎ সিংয়ের এজলাসে।
শুনানির পর আদালত জানিয়ে দেয়, ১২ দিনের জন্য আবার এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে তাহাউর রানাকে। দিনকয়েক আগে পরিবারের সঙ্গে কথা বলার আর্জি নিয়ে দিল্লির বিশেষ এনআইএ আদালতের দ্বারস্থ হয়েছিল তাহাউর রানা।আইনজীবীর দাবি, ওই জঙ্গি যেহেতু বিদেশি নাগরিক এবং অসুস্থ, তাই তার পরিবার তাকে নিয়ে উদ্বিগ্ন।তারা খোঁজখবর নিতে চায়।সেকারণেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চায় ওই জঙ্গি। পালটা এনআইএর দাবি,রানার মতো জঙ্গিকে ফোনে কথা বলতে দেওয়া বিপজ্জনক।সে গোপন তথ্য ফাঁস করে দিতে পারে।তবে সেই আবেদনে এখনও রায় দেয়নি দিল্লির আদালত।তারমধ্যেই রানার এনআইএ হেফাজতের মেয়াদ ফুরোয় সোমবার।মুখ ঢাকা অবস্থায় তাকে পেশ করা হয় আদালতে। তবে আগামী ১২ দিন রানাকে থাকতে হবে এনআইএ হেফাজতে।
প্রত্যেক দিন তার স্বাস্থ্যপরীক্ষা হবে। একদিন অন্তর আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবে তাহাউর রানা। তবে সেসময়ে উপস্থিত থাকবেন এনআইএ আধিকারিকরা। তাহাউর রানার সঙ্গে আইনজীবীর আলোচনাও শুনতে পারবেন তাঁরা।





