উত্তরকাশীতে উদ্ধার ২৭৪ জন, এখনও নিখোঁজ বহু

0
133
ছবি সৌজন্যে : এক্স
মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জোড়া ফলায় তছনছ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ডের উত্তরকাশীর একাধিক এলাকা। সেই ঘটনার পর এখনও পর্যন্ত ধারালি ও সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ২৭০-র বেশি জনকে। তবে ৫০ জন এখনও নিখোঁজ রয়েছেন।মঙ্গলবারের ওই বিপর্যয়ের পরেই পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উদ্ধারকারী দলগুলির সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখাও করেছেন তিনি। উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু হড়পা বানে ঠিক কত জন ভেসে গিয়েছেন, সেই সংখ্যা এখনও অজানা। মহারাষ্ট্রের জলগাঁও থেকে ১৯ জনের একটি দল উত্তরকাশী গিয়েছিল। তাদের মধ্যে মাত্র তিন জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বাকি ১৬ জন নিখোঁজ।
ধারালির অদূরে হর্ষিলের সেনাছাউনির ১১ জনও নিখোঁজ। তাঁদের খোঁজ চলছে। গঙ্গোত্রী থেকে মুখওয়া যাওয়ার পথে ৩০৭ জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ধারালি-তে পৌঁছেছেন এনডিআরএফের ৬৯ জন জওয়ান। সঙ্গে মৃতদেহ শনাক্তকারী ক্যাডাভার কুকুরও রয়েছে। ড্রোন, স্যাটেলাইট ফোন এবং অত্যাধুনিক নানা সরঞ্জামের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে।