
চিনের ফুজিয়ান প্রদেশে এক জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৮ জন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দমকলের ৩৮টি ইঞ্জিন ও প্রায় ২০০ কর্মী বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে কিভাবে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই ভয়াবহ অগ্নিকান্ড নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার ৯ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিট নাগাদ ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের কাইতুও রোড ইস্টে অবস্থিত ‘হুইতেং শুজ’ নামের একটি জুতোর কারখানায় আগুন লেগে যায়। কারখানার ভিতরে চামড়া, ফোম সহ প্রচুর দাহ্য পদার্থ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক গাড়ি। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
