২৮ শে চূড়ান্ত তালিকা, জুডিশিয়াল অফিসারও

0
114
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে এবার কলকাতা হাইকোর্টের নিযুক্ত আধিকারিকদের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট-র প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। নির্ধারিত পদ্ধতিতে যে নামগুলি যাচাই হয়ে সামনে এসেছে, তার ভিত্তিতেই ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। আদালতের স্পষ্ট বক্তব্য, ইতিমধ্যে যা সম্পন্ন হয়েছে, তা আটকে রাখা যাবে না। তবে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে। শীর্ষ আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হবে যাতে প্রতিটি জেলায় কয়েক জন কর্মরত বিচারিক অফিসার এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারক নিয়োগ করা হয়। তাঁদের তত্ত্বাবধানে অসঙ্গতির নথি পরীক্ষা করা হবে। এই কাজে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মনোনীত কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দেবেন।
এসআইআর ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে প্রশাসনিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক, মুখ্যসচিব, পুলিশ মহাপরিচালক, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং মহাধিবক্তা। কীভাবে প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং চলতি জটিলতা মেটানো যায়, তা নিয়েই আলোচনা হবে।