
অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়ে পুলিশকর্মীকে মারধর, হাত কামড়ে মাংস তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নির্মাণকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনার জেরে চাঞ্চ্যল ছড়িয়েছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায়।
বেশকিছুদিন ধরে দক্ষিণ বামুনিয়ায় একটি বাড়ি তৈরির কাজ চলছিল। স্থানীয়রা অভিযোগ করেন সরকারি জমি দখল করে নির্মাণ কাজ চলছে। থানায় অভিযোগ দায়ের হতেই ঘটনাস্থলে যান উত্তর কাশীপুর থানার কয়েকজন পুলিশকর্মী। অভিযোগ তখনই নির্মাণকর্মীরা পুলিশকে ঘিরে ধরেন। প্রথমে বচসা এরপর মারধর করা হয়। আহত হন এসআই মনজুর আলম মণ্ডল এবং কনস্টেবল রবি রায়। অভিযোগ তখনই কনস্টেবলের হাত কামড়ে মাংস তুলে নেয় এক অভিযুক্ত। সহকর্মীকে রক্ষা করতে গিয়ে মার খান এসআইও। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পলিশবাহিনী গিয়ে পুলিশকর্মীদের উদ্ধার করে।
গ্রেফতার করা হয় ৩ অভিযুক্তকে। এর আগে চুঁচুড়া, বেহালা, বারাসত, ডোমকল, এগরা বারবার পুলিশকে নিগ্রহের ঘটনা সামনে এসেছে।
