
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে বৈঠক করছে নতুন মন্ত্রিসভা। চলতি বছরের অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, আরও ২ কোটি বাড়িকে আবাস যোজনার আওতায় আনা হবে। কিন্তু এদিন বৈঠকে সেই সংখ্যা বেড়ে ৩ কোটি করা হয়েছে।জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নির্মিত বাড়িগুলিতে বিদ্যুৎ এবং এলপিজি কানেকশন দেওয়া হবে। সব বাড়িতে বসানো হবে জলের কলও। গ্রামীণ ও শহর উভয় এলাকা মিলেই এই নতুন তিন কোটি বাড়ি তৈরি করা হবে। শুধুমাত্র আবাস যোজনা নয়, এর আগে পিএম কিষান যোজনা নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদী প্রথম স্বাক্ষর করেছেন কিষান সম্মান নিধি স্কিমে।এই যোজনার আওতায় ২ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।








