
১৫ জুন থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ৩ দিনের বিশেষ জনকল্যাণ শিবির। এই শিবিরগুলি আগামী ১৬ এবং ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে চলবে।
ফেসবুক ভিডিও বার্তায় এমনই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সকালে নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনকল্যাণ শিবিরে ৫৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। তিনদিনের এই জনকল্যাণ শিবিরে অন্নপূ র্ণাভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা, সরকারি বাসে মহিলাদের পিঙ্ক স্মার্ট কার্ড-সহ একাধিক প্রকল্পের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের শুভ উদ্বোধন ঘিরে সোমবার ভোর থেকেই উপচে পড়েছে মানুষের ভিড়। পাথরপ্রতিমা ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া সংলগ্ন ইন্দ্রনারায়নপুর বহুমুখী ঝড়কেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন রবিবার মধ্যরাত থেকেই। কেউ ত্রিপল পেতে মেঝেতে রাত কাটিয়েছেন, কেউ আবার বসেই অপেক্ষা করেছেন পরিষেবা পাওয়ার আশায়। তবে বিপুল জনসমাগমের সঙ্গে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। অন্যদিকে, সল্টলেকের বিধাননগর পুরসভায় জনকল্যাণ শিবিরের সূচনা হয়েছে। সেখানেও সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। বিধাননগর পুরসভার ১ নম্বর বোরোর অন্তর্গত বিজেসেবা কক্ষে হচ্ছে বিধাননগরের ১ নম্বর বোরোর জনকল্যাণ শিবির।
তবে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের আগ্রহ রয়েছে আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনার মতন স্কিমে। অন্যান্য প্রকল্পের কাজ হলেও ভিড় দেখা যাচ্ছে এই দুই প্রকল্পের টেবিলেই।
