
চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণের আরও দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে রাহুল পুঁই নামে জখম যুবক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই নিয়ে বিস্ফোরণকাণ্ডে চার জনের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়েছে। বাকি একজনের চিকিৎসা চলছে এমআর বাঙুরে।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ওই বাজি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা জারি হয়েছে। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি। গত শনিবার সকালে চম্পাহাটির হারালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে অ্যাজবেস্টসের ছাউনি উড়ে যায়। মাটিতে মিশে যায় পাকা ইটের গাঁথুনি দেওয়া ঘর। আশপাশের বাড়িঘরেও অল্পবিস্তর ক্ষতি হয়েছে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিলেন চার শ্রমিক— গৌরহরি গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ মণ্ডল, রাহুল এবং কিষান অধিকারীর। চার জনকেই কলকাতার দু’টি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
গত রবিবার এমআর বাঙুরে মৃত্যু হয় গৌরহরির। সোমবার বাইপাসের ধারে হাসপাতালে মারা যান বিশ্বজিৎ। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, রাহুলও মারা গিয়েছেন।
