
মধ্যমগ্রামের বাদুতে রাসায়ণিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। বুধবারই ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। আরও দু’জনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
বুধবার রাত ১২টা এবং বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁদের। ভয়াবহ বিস্ফোরণে আরও বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন ৬২ বছরের জয়দেব কর্মকার এবং ৬৫ বছরের শের আলি। তাঁদের বারাসত সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানেই তাঁদের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন আছেন মালিকের জামাই কুলদীপ সিং।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্ডিগড়ি গ্রামে ২০০৩ সাল থেকেই রয়েছে বসুজ ইন্ডাস্ট্রিয়াল অয়েল অ্যান্ড ক্যামিকেল নামে তেল শোধন কারখানাটি। সেখানে কাজ করতেন ১২ জন শ্রমিক।
বুধবার দুপরে কাজ করছিলেন তিনজন শ্রমিক। সঙ্গে ছিলেন মালিকের জামাই কুলদীপ সিং। আনুমানিক দুপুর দেড়টা নাগাদ এই কারখানায় বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। তার পরই দাউদাউ করে লাগুন লেগে যায়।
ছবি সৌজন্যে : নিজস্ব








