
ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনোর ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত্যু হল তিন পর্বতারোহীর। শুক্রবার আচমকা আগ্নেয়গিরির বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
নিখোঁজ ২০ জনের একটি আরোহী দল। পরে দীর্ঘ তল্লাশি অভিযানের মাধ্যমে জীবিতদের উদ্ধার করা হলেও তিন জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া আরোহীদের অধিকাংশকেই নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হয়েছে। তবে এখনও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। সেই কাজে পাহাড়েই রয়েছেন দু’জন উদ্ধারকর্মী। জানা গিয়েছে, অভিযাত্রী দলের মধ্যে নয় জন সিঙ্গাপুরের নাগরিক ছিলেন। কর্তৃপক্ষের দাবি, মাউন্ট ডুকোনোয় আগেই আরোহণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আগ্নেয়গিরির অস্বাভাবিক সক্রিয়তার কারণে প্রশাসনের তরফে সতর্কতাও জারি ছিল। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে ওই দল পাহাড়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বিস্ফোরণের জেরে প্রায় ১০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের বিশাল স্তম্ভ আকাশে ছড়িয়ে পড়ে।
আগ্নেয়গিরি থেকে ছিটকে বেরোতে থাকে উত্তপ্ত পাথর ও লাভার স্রোত। ফলে আশপাশের এলাকাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট ডুকোনো গত বেশ কয়েক মাস ধরেই অশান্ত। প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে সেখানে। বারবার সতর্কতা জারি করা সত্ত্বেও যাত্রীদের ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।








