
পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারখানায় হানা দিয়ে তিন ভারতীয়কে পণবন্দি করেছে আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গিরা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ওই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার জন্য মালি সরকারকে উপযুক্ত সব পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। মালির ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বলেও জানিয়েছেন তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মালির একটি সিমেন্ট কারখানায় হঠাৎই সশস্ত্র হামলা চালিয়েছিল অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী। তার পরেই ওই কারখানায় কাজ করা তিন ভারতীয়কে তুলে নিয়ে যায় তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন ওই কাজের সঙ্গে যুক্ত রয়েছে।








