
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগেই জম্মু ও কাশ্মীরের কিস্তেওয়ারে ও উধমপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জন জইশ-ই-মহম্মদ সদস্যের।
বুধবার সকালে উধমপুর জেলার একটি গুহাতে আটকে পড়া দুই জইশ কমান্ড্যান্টের মৃত্যু হয়েছে। ওই দিন সন্ধ্যাতেই কিস্তেওয়ারে তুষারাবৃত চাতরু অঞ্চলে গুলির লড়াই চালাতে গিয়ে এক জইশ সদস্য নিহত হয়।
বৃহস্পতিবার তিন দিনের সফরে জম্মু-কাশ্মীরে যাচ্ছেন অমিত শাহ। তার আগে বুধবার বিকেলে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স ডেল্টা, হোয়াইট নাইট কোর, জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ যৌথ অভিযান চালায়। জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে কিস্তেওয়ারের দুর্গম দিছড়ে অঞ্চলে ফের জঙ্গি আনাগোনার খবর পেয়েই এই অভিযান চালায় বাহিনীয় আর তাতেই আসে সাফল্য।









