
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ জইশ-ই-মহম্মদ সংগঠনের সন্ত্রাসবাদীর। পুলিশ সূত্রে খবর, তাদের নাম আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমদ ভাট। জানা যাচ্ছে, যে তিন জঙ্গি খতম হয়েছে তাদের মধ্যে একজন পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল।
প্রত্যেকেই পুলওয়ামার বাসিন্দা ছিল। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রাম। সেখানেই এই জইশ জঙ্গিদের হদিশ পেয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল সেনা। অপারেশন সিঁদুর-র পর জঙ্গি নিধনে অপারেশন কেল্লার অভিযান শুরু করা হয়েছে। গত মঙ্গলবার সেই অভিযানেই সোপিয়ানে খতম করা হয়েছিল ৩ লস্কর জঙ্গিকে।
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এবার নিকেশ হয়েছে ৩ জইশ জঙ্গি। পহেলগাঁওয়ে ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান করেছে ভারত। পাক সেনা পাল্টা হামলা চালানোয় পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়েছিল। তবে গত শনিবারই দুই দেশ সংঘর্ষবিরতি ঘোষণা করে। জঙ্গি নিকেশের পাশাপাশি কাশ্মীরের নানা জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করছে ভারতীয় সেনা।







