
উত্তরপ্রদেশে আবারও এনকাউন্টারে পাঞ্জাব পুলিশের মোস্ট ওয়ান্টেড তিন খলিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন গুরবিন্দর সিং, বীরেন্দ্র সিং এবং যশনপ্রীত সিং।
তাঁদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। নিষিদ্ধ গোষ্ঠী খলিস্তান কম্যান্ডো ফোর্সের সদস্য তাঁরা। তিন জনই পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা। তাঁদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল-সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে উত্তরপ্রদেশের পিলভিটে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়েছিল।
কিন্তু পুলিশের দাবি, তাদের দেখে তিন অভিযুক্ত গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই প্রাণ হারান তিন জন।









