
টানা বৃষ্টিতে দিল্লিতে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ১২ জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দিল্লির করোল বাগ এলাকায়। বুধবার সকাল ৯টা ১১ মিনিট নাগাদ সেখান থেকে দমকলের কাছে ফোন যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল কিছুক্ষণের মধ্যেই। বৃষ্টির মাঝেই শুরু হয় উদ্ধারকাজ। বাড়ির ভাঙা অংশে ধ্বংসস্তূপ সরিয়ে পর পর ১২ জনকে বাইরে বার করে আনেন দমকলের কর্মীরা। কিছু অংশে এখনও ধ্বংসস্তূপ সরানো সম্ভব হয়নি। সেখানে কয়েক জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আচমকা তীব্র শব্দ হয় এলাকায়। দেখা যায়, পুরনো বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। ওই বাড়িতে অনেকেই থাকতেন।করোল বাগের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা।
