
ছত্তীসগঢ়ে গণেশ পুজোয় শোভাযাত্রার ভিড়ে বেপরোয়া গতির বলি হয়েছেন ৩ জন। আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের।
গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছত্তীসগঢ়ের জশপুর জেলার জুরুদাঁদ গ্রামের বাসিন্দারা মঙ্গলবার রাতে গণেশের মূর্তি নিয়ে শোভাযাত্রা বার করেছিলেন। শোভাযাত্রায় ছিলেন প্রায় ১০০ জন গ্রামবাসী। বাগিচা-যশপুর রোড ধরে যখন শোভাযাত্রা এগোচ্ছে, সেই সময় একটি এসইউভি ভিড়ের মধ্যে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বলে অভিযোগ।
নিমেষের মধ্যে কয়েক জনকে পিষে দেয় গাড়িটি। মৃত্যু হয় তিন যুবকের। আহতদের ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।









