
শপিং মলে আগুন লেগে ঝলসে মৃত্যু অন্তত ৩ জনের। আহত অন্তত ১৬। পাকিস্তানের বন্দর শহর করাচিতে শনিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে।
যার জেরে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। জানা গিয়েছে, আচমকাই মহম্মদ জিন্না রোড অঞ্চলের গুল প্লাজায় আগুন লেগে যায়। পুরু ধোঁয়া বেরতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শপিং মলে আগুন লেগে যাওয়ার পর আশপাশের বাড়ির অনেকেই সেখান থেকে পালিয়ে গিয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ওই মলে গৃহসজ্জার সামগ্রী, পোশাক, খেলনা এবং ইলেকট্রনিক্স ইত্যাদি দোকান রয়েছে। পোশাক এবং গৃহস্থালীর মতো সরঞ্জামের জন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার সময় বেশিরভাগ দোকান বন্ধ থাকার কারণে বড় ক্ষতি এড়ানো গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
