
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানা এলাকার সিদ্ধা বাজারে কোলাঘাট থেকে মেছোগ্রামগামী বেপরোয়া গতির লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ৩ জনের।
পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা ৭ থেকে ৮ পর্যন্ত পৌঁছতে পারে। দুর্ঘটনায় ধ্বংসস্তূপে মিশে যায় একটি স্টেশনারি দোকান, একটি পান দোকান ও একটি মিষ্টির দোকান সহ চারটি দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি এতটাই দ্রুতগতিতে আসছিল যে, চালক ব্রেক করারও সুযোগ পাননি। ধাক্কায় মুহূর্তের মধ্যে দোকানগুলির টিনের চাল, কাঠের ফ্রেম ও দেওয়াল গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন ক্রেতা ও দোকানকর্মীকে পিষে ফেলে লরি। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পাঁশকুড়া থানার পুলিশ ও দমকল। ঘাতক লরিটিকে ক্রেন দিয়ে সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। রাতেই ধ্বংসস্তূপ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরির চালক ও খালাসি দু’জনেই দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশেরও একই ধারণা। ঘটনার পরও তারা জীবিত অবস্থায় ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
