
ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে তিন মাওবাদী নেতার। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্রও।
গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের গুমলা জেলার কেচকি গ্রামের কাছে জঙ্গল ঘেরা এলাকায় অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। দীর্ঘক্ষণ তল্লাশির পর তাঁরা হদিশ পান মাওবাদীদের। নিরাপত্তারক্ষীদের দেখেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় তিন মাওবাদী নেতার।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্রও। ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র মাইকেল রাজ এস বলেছেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে তিনজন মাওবাদীর মৃত্যু হয়েছে। তারা নিষিদ্ধ গোষ্ঠী জেজেএমপি-র সদস্য ছিল।
