
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর জোড়া এনকাউন্টারে নিহত হয়েছে ৩ জঙ্গি।জানা গিয়েছে, অনুপ্রবেশের পরিকল্পনা ভেস্তে দিতে জম্মু-কাশ্মীরের নানা জায়গায় চলছে চিরুনি তল্লাশি।
কুপওয়ারের মাচিল ও তাংধর সেক্টরে জঙ্গিদের উপস্থিতির খবর পায় সেনা। গভীর রাত থেকে শুরু হয় এনকাউন্টার। জওয়ানদের সঙ্গে সংঘর্ষে ওই দুই জায়গায় নিহত হয়েছে তিন জঙ্গি। এনিয়ে, এক্স হ্যান্ডেলে সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সূত্রে বেশ কয়েকজন জঙ্গির অনুপ্রবেশের খবর মিলেছিল। বুধবার রাত থেকে যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও কাশ্মীর পুলিশ। খারাপ আবহাওয়ার সুযোগ নিয়েই অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। কিন্তু তাদের সেই ছক ভেস্তে দেওয়া হয়েছে। এখনও অভিযান চলছে।এদিকে, রাজৌরি জেলাতে লাঠি গ্রামে তিন-চার জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় সেনা। শুরু হয় অভিযান। এখনও সেখানে জওয়ানদের সঙ্গে গুলির লড়াই চলছে জঙ্গিদের। গোটা এলাকায় চলছে তল্লাশিও। রাজৌরির এনকাউন্টার নিয়ে সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, রাজৌরির লাঠি গ্রামের বেশ কিছু জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায় গোয়েন্দা সূত্রে। তারপরই তল্লাশি অভিযান শুরু করা হয়।
