
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধেয় নির্মীয়মাণ বাড়িতে কাজ করার সময় প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাড়ির মালিক কুতুবুদ্দিন মল্লিক। তাঁকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রী আলিয়া বিবি। এরপর বাবা-মাকে বাঁচাতে ছুটে গেলে তাঁদের ১২ বছরের ছেলে আনাস মল্লিকও বিদ্যুৎস্পৃষ্ট হয়। গোটা পরিবারকে একসঙ্গে এভাবে ছটফট করতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
