
কাশীপুরে প্রোমোটারের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা’কে গ্রেফতার করেছে লালবাজার গুন্ডাদমন শাখার পুলিশ। খড়্গপুর থেকে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে শনিবার মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ।
শনিবার বিকালেই গ্রেফতার করা হয়েছিল জিতেন কুমার পাল এবং কানোয়ালজিৎ শী ওরফে কানু নামে দুই অভিযুক্তকে। রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। গ্রেফতার করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, বিশাল দেব, মনু পাণ্ডেকেও। শনিবারের ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সহ এই ছয় জনকে। কাশীপুরের প্রোমোটারের থেকে ৫ লাখ টাকা তোলা চেয়ে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মীর সঙ্গে নাম জড়িয়েছে কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষের। আক্রান্ত প্রোমোটার অভিযোগ করেছেন হামলাকারী তৃণমূল কর্মী নিজেকে অতীন ঘোষ ঘনিষ্ঠ বলে দাবি করেছেন। কাশীপুর থানা এলাকার সিঁথির মোড়ের কাছে ওই প্রোমোটারের অফিস। অভিযোগ শুক্রবার রাতে আচমকাই দলবল নিয়ে সেখানে হাজির হন তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তোলা চেয়ে না পাওয়ায় প্রোমোটারের অফিসে ভাঙচুর চলানো হয়। মারধর করা হয় প্রোমোটারকে। জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রোমোটারকে। অফিস ঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠ করা হয়েছে টাকাও। মারধরের পর সিসি ক্যামেরা দেখে তা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার। এরপরই তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।








