
উত্তরাখণ্ডের কেদারনাথে বৃষ্টির জেরে ধস চাপা পড়ে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে। সূত্রের খবর, কেদারনাথে ট্রেকিং করার পথ ধরে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী।এদিন সকাল থেকে ভারী বৃষ্টি চলছে। ফলে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে এসে তাদের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলে পিষে মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। বদ্রীনাথ হাইওয়ের বেশ কিছু জায়গায় ধস নামার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে।কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে রাজ্যের নানা প্রান্তে ধসের ঘটনা ঘটছে।আবহাওয়া দফতর জানিয়েছে, চম্পাবত, নৈনিতাল, উধমসিংহ নগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চূড়ান্ত সতর্কতাও জারি করা হয়েছে ওই এলাকাগুলিতে।
