
স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে দশম শ্রেণির তিন পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃতরা হল নিয়ামতপুর নূর নগর ও কুলতোড়ার বাসিন্দা অয়ন আখতার, ফয়জান আনসারি এবং তাবরেজ আনসারি।
তারা প্রত্যেকেই কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে স্কুলের কথা বলে বের হলেও ওই স্কুলের ৮ জন পড়ুয়া সোজা চলে যায় ডিসেরগড় সংলগ্ন দামোদরের চরে। সেখানে চুটিয়ে ক্রিকেট খেলার পর গরমের চোটে শরীর ঠান্ডা করতে তারা নদীতে নামে। কিন্তু ঘাটটি অপরিচিত হওয়ায় এবং সাঁতার না জানার কারণে আচমকাই অয়ন, ফয়জান ও তাবরেজ গভীর জলে তলিয়ে যেতে থাকে।
বাকি বন্ধুরা বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা ও কুলটি থানার পুলিশ উদ্ধারকাজে হাত লাগায়।প্রায় এক ঘণ্টার চেষ্টায় তিনজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
