
মধ্যপ্রদেশে কার্বাইড গান বাজি ফাটাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ৩০ জনেরও বেশি। আহত কমপক্ষে ৩০০ জন। সকলেরই চোখে আঘাত। আর এর জন্য দায়ী কার্বাইড গান।
এবারের দীপাবলিতে আতশবাজির মধ্যে হিট’ বাজি ছিল কার্বাইড গান বা এগ্রি-ক্যানন। এই বাজি ফাটাতে গিয়েই শিশু সহ শতাধিক মানুষ আহত হয়েছেন মধ্য প্রদেশে। কার্বাইড গান সাধারণত কৃষকরা ক্ষেত থেকে বাঁদর ও পাখি তাড়াতে ব্যবহার করে থাকেন। এটি ক্যালসিয়াম কার্বাইড, গান পাউডার ও দেশলাইয়ের উপরের অংশ দিয়ে তৈরি হয়। এর মধ্যে জল দিলে ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করে, যার জেরে তীব্র বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের জেরে প্রচন্ড উত্তাপ তৈরি হয়, ছড়ায় বিষাক্ত গ্যাস। ভেঙে টুকরোও ছিটতে পারে চোখে-মুখে। মধ্য প্রদেশে সেটাই হয়েছে। সূত্রের খবর, কমপক্ষে ৩০০ জন আহত হয়েছেন কার্বাইড গানে। অধিকাংশেরই অ্যালকালাই ইনজুরি হয়েছে, যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে।
৩০ জন দৃষ্টি হারাতে বসেছেন। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই মধ্য প্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা বলেছেন, বিষয়টি জানতে পারার পরই সঙ্গে সঙ্গে রিভিউ মিটিং ডাকা হয়েছে। ভোপালে ৭ জন শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। গোয়ালিয়র ও বিদিশাতেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।









