
হরিয়ানার রোহতকে রাজ্যের পুলিশকর্তা তথা ইনস্পেক্টর জেনারেলের দফতরের কাছে এলোপাথাড়ি গুলি চলল। পুলিশ সূত্রে খবর, এই হামলায় দীনেশ গোগা নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে।
দুই দুষ্কৃতী গ্যাংয়ের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে, আইজি-র দফতর থেকে কিছুটা দূরে এক দুষ্কৃতীকে ঘিরে ফেলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। ব্যস্ত রাস্তায় গুলি চলায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। কিন্তু তত ক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, হামলার কিছু ক্ষণ পরেই সোশ্যালে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে লেখা ছিল, জয় ভোলে কী।
সেই সঙ্গে দাবি করা হয়, আমেরিকায় বসে এই হামলার নির্দেশ দিয়েছিলেন কুখ্যাত দুষ্কৃতী হিমাংশু ভাউ এবং নীরজ ফরিদপুরীয়া। শুধু তা-ই নয়, সেই পোস্টে আরও কয়েক জনের নাম উল্লেখ করে শাসানোও হয়েছে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন।
