
বিশ্বের সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইকে ঘিরে ভয়াবহ এক অভিযোগ সামনে এসেছে। একটি অ্যাক্টিভিস্ট গ্রুপ দাবি করেছে, তারা স্পটিফাই থেকে প্রায় ৮ কোটি ৬০ লাখ গান এবং বিপুল পরিমাণ মেটাডাটা স্ক্র্যাপ করেছে।
এই ডাটার মোট আকার প্রায় ৩০০ টেরাবাইট বলে দাবি করা হয়েছে, যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। আন্নাজ আর্কাইভ নামের ওই গ্রুপ জানিয়েছে,তারা স্পটিফাই থেকে ৮৬ মিলিয়ন অডিও ফাইল এবং ২৫৬ মিলিয়ন সারির মেটাডাটা সংগ্রহ করেছে।এসব মেটাডাটার মধ্যে রয়েছে শিল্পী, অ্যালবাম ও গানের তথ্য।স্পটিফাই জানিয়েছে, এটি তাদের পুরো মিউজিক লাইব্রেরি নয়, তবে ঘটনাটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।স্টকহোমভিত্তিক স্পটিফাই, যার বিশ্বজুড়ে ৭০০ মিলিয়নের বেশি ইউজার রয়েছে, জানায় তারা ইতিমধ্যে অবৈধভাবে স্ক্র্যাপিংয়ে জড়িত অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, একটি তৃতীয় পক্ষ প্রকাশ্য মেটাডাটায় প্রবেশ করে এবং অবৈধ কৌশলে ডিআরএম ব্যবস্থা পাশ কাটিয়ে কিছু অডিও ফাইলের অ্যাক্সেস নেয়।স্পটিফাই জানিয়েছে, এখন পর্যন্ত ওই অডিও ফাইলগুলো প্রকাশ করা হয়নি বলে তারা বিশ্বাস করে।
তবে আন্নাজ আর্কাইভ তাদের ব্লগে জানিয়েছে, তারা একটি মিউজিক সংরক্ষণাগার তৈরি করতে চায় এবং এই ডাটাগুলো টরেন্টের মাধ্যমে শেয়ার করার পরিকল্পনা রয়েছে। গ্রুপটির দাবি, তাদের সংগ্রহ করা গানগুলো স্পটিফাই ইউজারদের শোনা গানের প্রায় ৯৯ দশমিক ৬ শতাংশ প্রতিনিধিত্ব করে।








