
রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ৩ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল বৈঠক হয়।
ওই বৈঠকেই জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত প্রকল্প বাবদ এই অর্থ বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে ২১শ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। শনিবারই জাতীয় স্বাস্থ্যমিশনে ৫০০ কোটি টাকা স্বাস্থ্যমন্ত্রক থেকে পশ্চিমবঙ্গের জন্য ট্রান্সফার করা হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে এইমস তৈরির প্রস্তাব কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে। তাতে সম্মতিও দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
তিনি স্পষ্ট করেছেন পরিকাঠামো উন্নয়নে টাকা কোনও বাধা হবে না। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব বর্ধমান এই চার প্রশাসনিক জেলায় মেডিক্যাল কলেজের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।





