
৩ হাজারেরও বেশি শিক্ষককে বরখাস্ত করা হচ্ছে বিহারে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভুয়ো ডিগ্রি ব্যবহার করে সরকারি চাকরি পাওয়ার। ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে হওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে রাজ্যের ভিজিল্যান্স ব্যুরোর বিস্তারিত তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করা হচ্ছে।
ঘোষণা করেছেন বিহারের শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারি। জানা যাচ্ছে, সব মিলিয়ে ৩ হাজার ৩৫ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যেই ১ হাজার ৮৩০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়ার পর পাটনা হাইকোর্ট ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরোকে পুরো বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছে। এর পরে, রাজ্যের সমস্ত জেলায় নিযুক্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং নিয়োগপত্রের বিষয়ে তদন্ত শুরু করা হয়। তদন্ত শেষ হওয়ার পর ভিজিল্যান্স ব্যুরো শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের একটি তালিকা জমা দিয়েছে। বিভাগটির মতে, তদন্তে ভুয়ো শংসাপত্র এবং জাল শিক্ষাগত নথির ভিত্তিতে চাকরি পাওয়ার বহু ঘটনা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী রাজ্যের সমস্ত জেলায় ভিজিল্যান্স পুলিশ স্টেশন স্থাপনের কথাও ঘোষণা করেছেন।
