
গাজায় ইজরায়েলি হামলায় নতুন করে মৃত্যু হয়েছে একাধিক শিশু-সহ ৪৬ জনের। এই ঘটনায় ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে একটি স্কুলে তৈরি করা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তাদের।
গাজার স্থানীয় স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গাজা শহরের দারাজ এলাকার এক স্কুলে অস্থায়ী আশ্রয়শিবির তৈরি করা হয়েছিল। রবিবার গভীর রাতে সেখানে হামলা চালায় ইজরায়েল। সে সময় ঘুমিয়ে ছিলেন সকলে। মৃত্যু হয় ৩১ জনের। শুধু তা-ই নয়, ওই হামলায় ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের জরুরি পরিষেবার প্রধান ফাহমি আওয়াদ। তিনি জানিয়েছেন, নিহতদের মধ্যে এক বাবা এবং তাঁর পাঁচ সন্তানও রয়েছেন।
তবে হামলার সপক্ষে ইজরায়েলি সেনার যুক্তি, ওই স্কুল থেকে নাশকতার ছক কষা হচ্ছিল। তাই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়।অন্যদিকে, সোমবার গাজার শিফা হাসপাতাল জানিয়েছে, রবিবার রাতে একটি বাড়িতে হামলার ঘটনায় একই পরিবারের ১৫ জন সদস্যের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচ মহিলা এবং দুই শিশু রয়েছে।









