বাংলাদেশে আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবী 

0
238
ছবি সৌজন্যে : নিজস্ব
জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। এই ঘটনায় উদ্বিগ্নের মধ্যে রয়েছে মৎস্যজীবীদের পরিবারগুলি। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মংলা বন্দরের কাছাকাছি বাংলাদেশের জলসীমার মধ্যে মাছ ধরতে দেখে তাদের ধাওয়া করে আটক করে বাংলাদেশের নৌবাহিনী।
ধৃতদের সঙ্গে ছিল দুটি ভারতীয় ট্রলার—এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী ৩৮, যেগুলি কাকদ্বীপ থেকে কিছু দিন আগে সমুদ্রে পাড়ি দিয়েছিল। সবসমেত তাঁদের আটক করে রাখা হয়েছে। মৎস্যজীবীদের পরিবারের এই অসহায় অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে সংগঠন। তাদের তরফে জানানো হয়েছে, ধৃত মৎস্যজীবীদের ফেরানোর বিষয়ে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার পর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল।
তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। আপাতত ওই দু’টি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রে খবর। বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ দফতরের তরফে ওই ৩৪ জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।