
দুর্গাপুজোকে সামনে রেখে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে মোট একহাজার দুশো মেট্রিক টন ইলিশ রফতানি করা যাবে।
মঙ্গলবার মন্ত্রকের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একথা। তবে মাছ রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রক। রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি বিধান অনুসরণ করতে হবে।
শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানি পরিমাণ সংক্রান্ত সব তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।








