
ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার ফলে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আটকে রয়েছে ভারতের ৩৭টি জাহাজ। ইরান বিশ্ব বাণিজ্যের প্রধান কেন্দ্র হরমুজ প্রণালী ‘বন্ধ’ করে রাখায় অন্যান্য বহু জাহাজের সঙ্গে সমস্যায় পড়েছে এই জাহাজগুলিও।
পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ভারতের পতাকাবাহী ওই জাহাজগুলি। প্রায় এক হাজারেরও বেশি নাবিক এবং নৌকর্মী ওতে রয়েছেন বলে জানা যাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী , হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে না পারায় অন্তত ২০ হাজার নাবিক আটকে রয়েছেন। ভারতীয় জাহাজের আটকে পড়া নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স আসোসিয়েশন। বিবৃতি জারি করে তারা জানিয়েছে,হরমুজ প্রণালীর উভয় পাশেই এই পণ্যবোঝাই জাহাজগুলি রয়েছে।
এই জাহাজগুলি যাতে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়ে পদক্ষেপ করার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করছি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পশ্চিম এশিয়ার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিদেশি জাহাজে অন্তত তিন ভারতীয় নৌকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। জানা যাচ্ছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করার জন্য একটি কুইক রেসপন্স টিম গঠন করছে জাহাজ পরিবহণ মন্ত্রক।
