
মেডিসিন খাতে সম্প্রতি এক রোমাঞ্চকর উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা, যেখানে রক্ত থেকে এমন নতুন উপাদান তৈরি করা যাবে, যা দিয়ে মানুষের হাড় সারানোর পাশাপাশি নানা ধরনের ক্ষত ও রোগ সারিয়ে তোলা সম্ভব।
এ যুগান্তকারী উদ্ভাবন থেকে পার্সোনালাইজড থ্রি ডি-প্রিন্টেড ইমপ্ল্যান্ট তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, তাও রোগীর নিজস্ব রক্ত থেকে।এতে করে আগের চেয়ে নিরাপদ ও কার্যকর চিকিৎসার পথ তৈরি হয়েছে বলে খবর।সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটিরিয়ালস জার্নালে প্রকাশিত এ গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম’র স্কুল অফ ফার্মাসি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল গবেষক।গবেষণা দলটি এমন এক পদ্ধতি তৈরি করেছে, যা রক্তের প্রাকৃতিক নিরাময় ক্ষমতাকে কাজে লাগানোর পাশাপাশি টিস্যু মেরামত করার ক্ষমতাও বাড়িয়ে দেয়।আসলে,মানবদেহে ছোট ছোট ক্ষত ও হাড়ের ফাটল প্রাকৃতিকভাবেই সেরে ওঠে, যার পেছনে হাত আছে একটি জটিল জৈবিক প্রক্রিয়ার।মানুষ যখন আঘাত পায়, তখন দেহে রক্ত জমাট বেঁধে শক্ত এক কাঠামো তৈরি হয়, যা রিজেনারেটিভ হেমাটোমা বা, আরএইচ নামে পরিচিত। এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোষ এবং প্রোটিন থাকে, যেগুলো সমন্বিত উপায়ে টিস্যুর মেরামত করে।কিন্তু তুলনামূলক বড় আঘাত বা ক্ষতের বেলায় এ প্রাকৃতিক নিরাময় পদ্ধতি কাজ করে না।
ফলে, অনেক সময় চিকিৎসা করতে হয়। আর এখানেই রক্ত থেকে তৈরি এ উপাদানটি ভূমিকা রাখতে পারে, যেখানে এটি দেহের প্রাকৃতিক নিরাময় সক্ষমতা অনুকরণ করতে এমনকি তা বাড়িয়েও দিতে পারে।









