
দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করার পর এবার মাদকমুক্ত করার লক্ষ্যে থ্রি–ডি নীতি চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই মর্মে সব রাজ্যকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
শুক্রবার দিল্লিতে নার্কো কো-অর্ডিনেশন সেন্টারের দশম শীর্ষ পর্যায়ের বৈঠকে দেশকে মাদকমুক্ত করতে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের মাধ্যমে এই থ্রি–ডি নীতি নিয়ে এগোনোর নির্দেশই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মাদকমুক্ত করার অভিযানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত থ্রি-ডি ফর্মুলার তিনটি স্তর হলো — ডিটেক্ট, ডিসরাপ্ট এন্ড ডেসট্রয় ৷ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনানুগ পদ্ধতিতে এ দেশ থেকে বিতাড়ন করার আবহেই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যে কোনও মূল্যে দেশকে ড্রাগ বা মাদকমুক্ত করতেই হবে ৷
জিরো টলারেন্স নীতিতে মাদকমুক্ত দেশ গড়ার অভিযান চালানো হবে। পাশাপাশি এই প্রসঙ্গেই একটি পরিসংখ্যান পেশ করে মোদী সরকারের তরফে পরিচালিত ‘ড্রাগ–বিরোধী’ অভিযানের সাফল্যের বিবরণ পেশ করেন তিনি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ২০১৪-২৬ মোদী সরকারের কার্যকালের এই ১২ বছরে সারা দেশে ১,৮৪,০০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে ৷ বিগত সরকারের আমলে দেশের সর্বত্র অভিযান চালিয়ে মাত্র ৪০,০০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল বল উল্লেখ্য করেন তিনি।
