
নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এক্স পোস্টে এমনটাই জানিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ।
কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হবে। সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের গণনা হয়। গণনায় শেষ হওয়ার আগেই স্পষ্ট হয়ে যায় যে, তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হতে চলেছেন।
বিজয়মিছিল বার করেন শাসকদলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ একটি বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সকেট বোমার আঘাতে মৃত্যু হয় বছর দশেকের তামান্না খাতুনের। চতুর্থ শ্রেণির পড়ুয়া ওই নাবালিকা বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা।






