
ঝাড়খণ্ডের গঢ়বা জেলায় সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে তিন ভাই-সহ চার জনের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা রাজুশেখর চৌধুরীর বাড়িতে নতুন সেপটিক ট্যাঙ্ক তৈরি হচ্ছিল। মালটু রাম নামে রাজুশেখরের এক প্রতিবেশী সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খুলতে তলায় নেমেছিলেন।
তিনি উপরে উঠছেন না দেখে রাজুশেখর ট্যাঙ্কের ভিতরে নামেন। দু’জনের কেউই উঠে আসছেন না দেখে। রাজশেখরের ভাই অজয় ও চন্দ্রশেখর তাঁদের উদ্ধার করতে নামেন। চারজনই উপরে না উঠে না আসায় স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে পাড়ার লোকজনকে ডেকে আনেন।
তাঁরা ট্যাঙ্কে নেমে চারজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁদের উপরে তুলে এনে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।
