
দীপাবলির রাতে নভি মুম্বইয়ের বহু ভয়াবহ আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। জখম হয়েছেন ১০ জন।
জানা যাচ্ছে, সোমবার রাত ১ নাগাদ ঘটনাটি ঘটেছে নভি মুম্বই টাউনশিপের ভাসি এলাকার এক আবাসনে। সে সময় বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি যখন চোখে পড়ে, ততক্ষণে আগুন বেশ খানিকটা ছড়িয়ে গিয়েছে। খবর পেয়ে দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
কিন্তু ততক্ষণেই ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাত সাড়ে ১২টা নাগাদ ১০ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আধ ঘণ্টার মধ্যে তা ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে দুই মহিলা, একজন পুরুষ এবং একটি ৬ বছরের শিশুকন্যা রয়েছে।








