
রাজধানীতে এক ধাক্কায় তাপমাত্রা ৪ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ঠান্ডায় জবুথবু দিল্লি,শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে মৌসম ভবন।
শুক্রবার রাজধানীতে এই মরসুমের শীতলতম দিন। দু’বছর পর আবার জানুয়ারিতে এতটা তাপমাত্রা নামল দিল্লিতে। এর আগে ২০২৪ সালের ১৬ জানুয়ারি ৩-এর ঘরে নেমেছিল। ওই বছরে মরসুমের শীতলতম দিন ছিল সেটি।মৌসম ভবন জানিয়েছে, দিল্লিতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। শুধু তা-ই নয়, দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডায় সকালে বৃষ্টি হওয়ায় শীতের দাপট আরও বেড়েছে রাজধানীতে।তার সঙ্গে চলছে উত্তুরে হাওয়া। ফলে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে দ্রুত নামছে তাপমাত্রার পারদ।হালকা বৃষ্টি হয়েছে সফদরজং, লোঢী রোড, আইটিও, ইন্ডিয়া গেট, নেহরু স্টেডিয়াম, আরকে পুরম, ডিফেন্স কলোনি এলাকায়।
ঝিরঝিরে বৃষ্টি বয়েছে দ্বারকা, নজফগড়, রাজৌরী গার্ডেন,পশ্চিম বিহার, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, রাজীব চওকে-ও। মৌসম ভবন জানিয়েছে, আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রার সামান্য হেরফের হলেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।এখনই সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মৌসম ভবনের।









