
এক ঘণ্টার মধ্যেই পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত, মায়ানমার, তাজিকিস্তান। ভূমিকম্প হতেই আতঙ্কে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। জানা গিয়েছে, রবিবার প্রথম ভূমিকম্পটি ভারতের হিমাচল প্রদেশের মান্ডিতে সকাল ৯টা নাগাদ হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা তুলনামূলক কম হলেও, পার্বত্য এলাকা হওয়ায় এলাকাবাসীরা বেশ ভালই টের পেয়েছেন। বহু মানুষই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ভয়ে-আতঙ্কে। তবে স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।মান্ডির ভূমিকম্পের কিছুক্ষণ পরই মধ্য মায়ানমারের মেইকটিলায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫।
সকাল ৯টা ৫৪ মিনিট নাগাদ তাজিকিস্তানে জোড়া ভূমিকম্প হয়। প্রথম কম্পন ছিল ৬.১ মাত্রার। সকাল থেকে টানা চারটি ভূমিকম্পের মধ্যে এটাই সবথেকে জোরাল ভূমিকম্প ছিল। এর আধ ঘণ্টা বাদে, ১০ টা ৩৬ মিনিট নাগাদ ফের একটি ভূমিকম্প হয়।
