হাসিমারায় দুর্ঘটনায় মৃত ৪ মহিলা শ্রমিক

0
2507
ছবি সৌজন্যে : নিজস্ব

আলিপুরদুয়ারের হাসিমারায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ মহিলা শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে  এশিয়ান হাইওয়ে-৪৮-এর ১০ নম্বর এলাকায় সাতজন মহিলা চা শ্রমিক বাগানের কাজে যাচ্ছিলেন।

 

সেই সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাতজনকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ক্ষুব্ধ জনতা ভুটানগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার এবং এলাকায় যান নিয়ন্ত্রণের দাবিতে চলে এই বিক্ষোভ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসিমারা ফাঁড়ির পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে।