হরিয়ানায় এনকাউন্টারে নিহত ৪ গ্যাংস্টার 

0
21
ছবি সৌজন্যে : এক্স

হরিয়ানার গুরুগ্রামে পুলিশি এনকাউন্টারে নিহত চার গ্যাংস্টার। গুলিবিদ্ধ আরও এক জন। বৃহস্পতিবার রাতে গুলির লড়াইয়ে আহত হয়েছেন তিন পুলিশকর্মীও! নিহতের সকলেই কুখ্যাত দীপক নন্দাল গ্যাং-এর সদস্য বলে পুলিশের দাবি।

ওই চার জনের দেহ ছাড়াও পাঁচটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ-২ এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দু’পক্ষের মধ্যে প্রায় ৬০ রাউন্ড গুলি চলে।

গোপন সূত্র মারফত গুরুগ্রাম পুলিশের অপরাধ দমন শাখা খবর পেয়েছিল যে, ওই এলাকায় একটি সন্দেহজনক স্করপিও এসইউভি-তে সশস্ত্র কয়েকজন ঘোরাফেরা করছেন। আরোহীরা কোন অপরাধচক্রের সে বিষয়েও তথ্য মেলে। সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সশস্ত্র দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছিলেন। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বিদেশে আত্মগোপনকারী ওয়ান্টেড গ্যাংস্টার দীপকের থেকে বারবার তোলাবাজির হুমকি পাচ্ছিলেন। ফলে তিনি হামলার ‘সম্ভাব্য লক্ষ্য’ হতে পারেন বলে অনুমান পুলিশের।