
ইউক্রেনের কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার জেরে প্রাণ হারিয়েছেন চার ভারতীয় নাগরিক। গুরুতর আহত হয়েছেন আরও এক জন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে,১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওদেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরপরই ওই হামলার ঘটনাটি ঘটে। গিনি বিসাউয়ের পতাকাবাহী,এমভি গোল্ডেন লিও নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়। চার ভারতীয় নাগরিক নিহত এবং এক জন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।এই হামলার ঘটনায় রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন।এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের পাওয়া তথ্য অনুযায়ী চার জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক।একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা, অথবা অন্য কোনও উপায়ে নৌচলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় এবং এটি ত্যাগ করা উচিত বলেও জানিয়েছে নয়াদিল্লি।এই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি, তাদের লক্ষ্য ইউক্রেনের পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা।যদিও বিবৃতিটিতে সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি।
এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার ওদেসা ছাড়ার পরপরই তিনটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই পণ্যবাহী জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।
