
মথুরায় বেপরোয়া গতির বলি চার জন। গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার মাগারো থানা এলাকায়। তিন ভাই-সহ চার জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশের মাহমুদপুর থেকে চারচাকা গাড়িতে করে রাজস্থানের দিগে বিয়েবাড়িতে যাচ্ছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, মথুরার মাগারো থানা এলাকায় একটি রাস্তায় বাঁকে ঘুরতে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তারপরেই রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়ে পাশের গোবর্ধন খালে পড়ে যায় সেটি। খালে জল বেশি থাকায় সঙ্গে সঙ্গে গাড়িটি ডুবে যায়। দুর্ঘটনা দেখতে পেয়েই উদ্ধারের জন্য ছুটে যান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। জলের মধ্যে থেকে গাড়িটিকে তোলার জন্য ক্রেন আনা হয়। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় গাড়িটিকে খাল থেকে উদ্ধার করা হয়।









