
মণিপুর ও মায়ানমারে সীমান্তে মেইতেই ও কুকি গোষ্ঠীর সংঘর্ষে চার কুকি জঙ্গির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়, কুকি ন্যাশনাল আর্মি-র সদস্যরা কামজং জেলার ৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে ইয়াংগৌপিকে গ্রামের কাছে ঘাঁটি গেড়েছিল।
সেই খবর জানতে পেরে মেইতেইদের বিরাট জঙ্গি বাহিনী সেখানে হামলা চালায়। দুই তরফের লড়াইয়ে কেএনএ -বি সংগঠনের চার সদস্য নিহত হয়েছে বলে মেইতেইদের দাবি। তাদের শিবির ভেঙে দিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্রও কেড়ে নেয় মেইতেই জঙ্গিরা। খবর পেয়ে অসম রাইফেলস ঘটনাস্থলে যায়। অসম রাইফেলসের মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থল সীমান্তের ওপারে হওয়ায় অসম রাইফেলস সেখানে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি।
মণিপুরের থৌবাল, টেংনাওপাল, বিষ্ণুপুর, চুড়াচাঁদপুর, ইম্ফল পশ্চিম, নোনে, জিরিবাম এবং কাকচিং জেলার পাহাড় ও উপত্যকা অঞ্চলে আজ যৌথ অভিযান চালিয়ে সেনা, আধাসেনা, মণিপুর পুলিশ। ওই জায়গাগুলি থেকে ৩৫টি অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ সমর সরঞ্জাম উদ্ধার হয়েছে।
