
সামান্য কড়াইশুঁটি চুরির অপরাধে বিহারের মুঙ্গের-এ চার কিশোরের হাত পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ওই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
যদিও সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে, চারজন কিশোরকে হাত-পা বাঁধা অবস্থাতেই গোটা গ্রাম ঘোরানো হয়। জানা যাচ্ছে মুঙ্গের জেলার ঝোয়াবহিয়ার গ্রামে ওই চার কিশোরের বিরুদ্ধে গ্রামের এক বাড়ি থেকে ২৫ কেজি কড়াইশুঁটি চুরির অভিযোগে তাদের সঙ্গে ওই ধরনের অমানবিক আচরণ করা হয়েছে।
এই ঘটনার ভিডিও হাতে পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। মুঙ্গের জেলার পুলিশ সুপার সৈয়দ ইমরান মাসুদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।






